কুষ্টিয়ার দৌলতপুরে অগ্রণী ব্যাংক প্রাগপুর শাখার নতুন ভবন উদ্বোধন
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুরে রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংক পিএলসি-এর প্রাগপুর শাখার নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টার সময় প্রাগপুর বাজার বিশ্বাস গার্মেন্টসের ২য় তলায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে এই নতুন শাখা ভবনের উদ্বোধন করা হয়। নতুন আধুনিক ভবনে স্থানান্তরের ফলে এই অঞ্চলের গ্রাহকদের আরও উন্নত, দ্রুত এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করা সম্ভব হবে বলে ব্যাংক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক পিএলসি কুষ্টিয়া অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান শের আলম মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মু. আফজাল হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক সচিবালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. হাসিমুর রহমান।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অগ্রণী ব্যাংক প্রাগপুর শাখার ব্যবস্থাপক মো. মখলেচুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে মু. আফজাল হোসেন বলেন, অগ্রণী ব্যাংক সব সময় গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রাগপুর সীমান্তের এই বাণিজ্যিক এলাকায় নতুন ও সুপরিসর ভবনে শাখা স্থানান্তরের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকগণ এখন থেকে আরও স্বাচ্ছন্দ্যে সব ধরনের ডিজিটাল ও সাধারণ ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক গ্রাহক ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং ব্যাংকের উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 


















