বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের তেতুলিয়া বাজারে নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে থানা পুলিশের সহযোগিতায় বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুহরাত জাহান অনন্যা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে কারখানায় উপস্থিত অভিযুক্তদের কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নকল ও ভেজাল ওষুধ জব্দ করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
নকল ও ভেজাল ওষুধের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভেজাল ওষুধের বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 











