বাঘায় মাদক ও অপরাধ প্রতিরোধে ঐক্য পরিষদের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত
বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা উপজেলার কলিগ্রামে মাদক ও অপরাধ প্রতিরোধে সামাজিক ঐক্য গড়ে তোলার লক্ষ্যে ভার্চুয়াল সভা করেছে ‘গ্রাম অপরাধ ও মাদক দমন ঐক্য জোট/ঐক্য পরিষদ’।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৯টায় জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
সভায় গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং অপরাধমুক্ত সমাজ গড়ে তোলার বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এতে অধ্যাপক, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক, ব্যাংকার, ব্যবসায়ীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বক্তারা মাদক ও অপরাধের বিরুদ্ধে নিজেদের দৃঢ় অবস্থান ব্যক্ত করেন এবং সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
গ্রাম অপরাধ ও মাদক দমন ঐক্য জোট/ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রধান সমন্বয়ক মোঃ হাসিবুল হাসান টিটু মোল্লার আহ্বানে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আব্দুস সালাম লাভলু, উপদেষ্টা প্রিন্সিপাল মোঃ আবু সাঈদ সিদ্দিকী বাবুল, প্রধান উপদেষ্টা অধ্যাপক এ এস এম সালাউদ্দিন আহমেদ, সমন্বয়ক অধ্যাপক মোঃ আতাউর রহমান, উপদেষ্টা সমাজসেবক মোঃ আবু বক্কর সিদ্দিক, মহিলা বিষয়ক উপদেষ্টা ও সমাজসেবিকা পাপিয়া আক্তার পাপড়ি, ব্যাংকার জাকির হোসেন সুমন, সাংবাদিক খায়রুল ইসলাম এবং ব্যবসায়িক উদ্যোক্তা মোঃ রুশনাল আহমেদ সুমন মোল্লা।
এছাড়াও সভায় অংশ নেন জেড এইচ টনিজ, মাইনুল দীপু, জয়নুল আবেদীন বাচ্চু, তাশরিফ, হিমেল, আজাদ, টিটু, মিন্টু, হীরা, ফয়সালসহ এলাকার অন্যান্য সচেতন ব্যক্তিরা।
বক্তারা বলেন, মাদক ও গ্রাম অপরাধ প্রতিরোধে রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি সুন্দর, নিরাপদ ও উন্নত সমাজ গড়তে পুলিশ, জনতা ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত জরুরি।
তাঁরা আরও বলেন, সম্মিলিত উদ্যোগ, সামাজিক সচেতনতা এবং গ্রামবাসীর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মাদকমুক্ত ও অপরাধমুক্ত গ্রাম গড়ে তোলা সম্ভব।
সভায় মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করা এবং গ্রাম প্রতিরক্ষা কার্যক্রমে সবাইকে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 





















