ভেড়ামারায় তরুণ উদ্যোক্তাদের ঋণ সুবিধা বিষয়ে প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত
হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারায় ‘উদ্যোগ (UDYOG)’ উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে মিডল্যান্ড ব্যাংক পিএলসি, ভেড়ামারা শাখার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান এবং বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিসের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিডল্যান্ড ব্যাংক পিএলসি, ভেড়ামারা শাখার ব্যবস্থাপক সাইফুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের ব্যবস্থাপক মেহেদী হাসান, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আমিনুল ইসলাম, রূপালী ব্যাংকের ব্যবস্থাপক আমিরুল ইসলাম, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ এবং পূবালী ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল হালিমসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা।
কর্মশালায় আগত তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে বিভিন্ন ব্যাংকের ঋণ সুবিধা, অর্থায়নের নিয়ম-কানুন, ঋণ গ্রহণের প্রক্রিয়া ও ব্যবসা পরিচালনায় আর্থিক সহায়তার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, এ কর্মসূচির মূল লক্ষ্য হলো স্থানীয় পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, তাঁদের উদ্যোগ চিহ্নিত করা এবং প্রয়োজনীয় অর্থায়নের মাধ্যমে আত্মকর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়তা করা।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 


















