COP31-এ এশিয়ান ইয়ুথ কোয়ালিশনের যাত্রা শুরু
এশিয়ার ১০ দেশের ১২ যুব সংগঠনের উদ্যোগ
নিউজ ডেস্কঃ
এশিয়াজুড়ে তরুণদের নেতৃত্বাধীন জলবায়ু আন্দোলনকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (COP31)-এ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘এশিয়ান ইয়ুথ কোয়ালিশন’ (AYC)। এশিয়ার ১০টি দেশের ১২টি যুব সংগঠনের উদ্যোগে গঠিত এ জোট জলবায়ু ন্যায়বিচার, আঞ্চলিক সহযোগিতা ও নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ জোরদারে কাজ করবে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে তুরস্কের আন্তালিয়ায় ‘From Mountains to Sea: Bringing Asia-Pacific Youth Priorities to the UNFCCC’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে জোটটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এতে মধ্য এশিয়া, পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার তরুণ প্রতিনিধিরা অংশ নেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালে আয়োজক সংগঠক SEECTO Bangladesh-সহ এশিয়ার ১০টি দেশের ১২টি যুব সংগঠনের সহযোগিতায় বাংলাদেশে অনুষ্ঠিত Regional Conference of Youth (RCOY) APAC 2026-এর অভিজ্ঞতা ও অর্জনের ভিত্তিতে এ জোট গড়ে উঠছে।
জোটটির মূল উদ্দেশ্য এশিয়ার বিভিন্ন দেশের তরুণদের নেতৃত্বাধীন সংগঠন, জলবায়ু নেটওয়ার্ক ও অধিকারকর্মীদের একটি স্থায়ী আঞ্চলিক প্ল্যাটফর্মে যুক্ত করা। এর মাধ্যমে জলবায়ু ন্যায়বিচার, তরুণ নেতৃত্ব এবং সম্মিলিত জলবায়ু কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
উদ্যোক্তারা জানান, এশিয়ার তরুণরা জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জনসচেতনতা সৃষ্টি, স্থানীয় পর্যায়ে অভিযোজন ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তবে অর্থায়নের সংকট, প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতি এবং নীতিনির্ধারণে কার্যকর অংশগ্রহণের অভাবে অনেক সংগঠন বিচ্ছিন্নভাবে কাজ করছে। এসব সীমাবদ্ধতা দূর করে তরুণদের উদ্যোগগুলোকে একটি সমন্বিত কাঠামোয় আনার লক্ষ্যেই এ জোট গঠন করা হয়েছে।
জোটের অন্যতম লক্ষ্য জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কাঠামো কনভেনশন (UNFCCC) আলোচনা ও জাতীয় জলবায়ু প্রক্রিয়ায় তরুণদের দাবি তুলে ধরা, তৃণমূল সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং আন্তদেশীয় যৌথ উদ্যোগ ও অর্থায়নের সুযোগ তৈরি করা।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, একটি সচিবালয়, সাত থেকে নয়টি সদস্য সংগঠনের সমন্বয়ে নির্বাচিত স্টিয়ারিং কমিটি এবং সদস্য সংগঠনের মাধ্যমে জোটটি পরিচালিত হবে। পাশাপাশি পাঁচটি বিষয়ভিত্তিক ও উপ-আঞ্চলিক ওয়ার্কিং গ্রুপ গঠনের পরিকল্পনা রয়েছে। প্রতি বছর উন্মুক্ত আবেদন প্রক্রিয়ায় নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হবে।
জলবায়ু সংকটে ঝুঁকিপূর্ণ ও কম প্রতিনিধিত্বশীল জনগোষ্ঠীর তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতেও বিশেষ গুরুত্ব দেবে জোটটি। এর মধ্যে স্বল্পোন্নত দেশ, ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র, আদিবাসী জনগোষ্ঠী, নারী নেতৃত্বাধীন সংগঠন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্বাধীন সংগঠন অগ্রাধিকার পাবে।
উদ্যোক্তাদের প্রত্যাশা, এশিয়ান ইয়ুথ কোয়ালিশন এশিয়ার তরুণদের জলবায়ু আন্দোলনকে আরও সুসংগঠিত করবে এবং জলবায়ু ন্যায়বিচারের দাবিতে আঞ্চলিক পর্যায়ে সম্মিলিত শক্তিশালী অবস্থান তৈরিতে ভূমিকা রাখবে।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 



















