সাংসদ ফজলে হুদা বাবুলের উদ্যোগে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে ৯ বিষয়ে অনার্স চালুর অনুমতি
মোহাম্মদ আককাস আলী,নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে অনার্স পর্যায়ে নতুন ৯টি বিষয়ে পাঠদানের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এ বিষয়ে অনুমোদনের জন্য নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন ও সুপারিশ করা হয়েছিল।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখা থেকে ৪ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা এক সরকারি পত্রে এ তথ্য জানানো হয়েছে।
সরকারি পত্রের সংযুক্ত তালিকা অনুযায়ী, জাহাঙ্গীরপুর সরকারি কলেজে অনার্স পর্যায়ে ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, অর্থনীতি, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে পাঠদানের অনুমতি দেওয়া হয়েছে।
জানা গেছে, কলেজটিতে অনার্স পর্যায়ে নতুন বিষয় চালুর জন্য সাংসদ ফজলে হুদা বাবুল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে বিষয়গুলো চালুর অনুমতি দেওয়া হয়।
পত্রে সরকারি কলেজসমূহে স্নাতক (পাস), অনার্স ও মাস্টার্স পর্যায়ে বিভিন্ন বিষয় খোলার লক্ষ্যে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
জাহাঙ্গীরপুর সরকারি কলেজে অনার্স পর্যায়ে নতুন ৯টি বিষয় চালুর অনুমতি পাওয়ায় মহাদেবপুরসহ আশপাশের এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 


















