ঘোড়াঘাটে ঐতিহাসিক দুর্গ ও সুরা মসজিদ পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘোড়াঘাট দুর্গ এবং প্রাচীন সুরা মসজিদ পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ. জেড. এম জাহিদ হোসেন, এমপি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সমাজকল্যাণ মন্ত্রী ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী এ ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ পরিদর্শন করেন। পরিদর্শনকালে ঘোড়াঘাট দুর্গটির ইতিহাস, প্রত্নতাত্ত্বিক গুরুত্ব ও বর্তমান অবস্থা সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্যের পাশাপাশি প্রাচীন স্থাপনাটির সংরক্ষণ ও উন্নয়নের বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। পরে মন্ত্রী উপজেলার ঐতিহাসিক সুরা মসজিদ পরিদর্শনে করেন। সেখানে মসজিদের প্রাচীন স্থাপত্যশৈলী ও নির্মাণকৌশল ঘুরে দেখেন।
ঘোড়াঘাট দুর্গ ও সুরা মসজিদ সহ ঐতিহাসিক বিভিন্ন নিদর্শন পরিদর্শনের মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন প্রত্নসম্পদের সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও পর্যটন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন স্থানীয় সুধীজন। তাদের প্রত্যাশা, যথাযথ সংরক্ষণ ও পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে ঘোড়াঘাটের প্রাচীন স্থাপনাগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি এলাকাটি ঐতিহাসিক পর্যটনকেন্দ্র হিসেবে আরও পরিচিতি লাভ করবে।
এ সময় দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা (পিপিএম), উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান লাবলু, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 



















