ঘোড়াঘাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা বিএনপির সভাপতি শাহ মোঃ শামীম হোসেন চৌধুরী প্রমুখ।
এ সময় ইউএনও রুবানা তানজিন বলেন, সারাদেশের ন্যায় ঘোড়াঘাটে আগামীকাল সকাল থেকে মাঠ পর্যায়ে ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রমের তথ্য সংগ্রহ শুরু হবে। প্রথমে উপজেলার ১ নং বুলাকিপুর, ২ নং পালশা ও ৩ নং সিংড়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডে এ জরিপ কার্যক্রম শুরু হবে। পর্যায়েক্রমে উপজেলার প্রতিটি গ্রামে এ জরিপ কার্যক্রমের তথ্য সংগ্রহ করা হবে। এ সময় তিনি ফ্যামিলি কার্ড সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের গুজব ও অপপ্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান।
এর আগে ঢাকা থেকে কেন্দ্রীয় ভাবে সারাদেশে তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডাঃ এজেডএম জাহিদ হোসেন, এমপি।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান লাবলু, ঘোড়াঘাট প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি সহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীগণ এবং ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা উপস্থিত ছিলেন।
শেষে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীগণের নিকট আইডি কার্ড ও ট্যাব বিতরণ করা হয়।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 


















