নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলায় প্রায় দুই মাস ধরে শূন্য রয়েছে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের পদ। গুরুত্বপূর্ণ এ পদে কর্মকর্তা না থাকায় ব্যাহত হচ্ছে উপজেলার ভূমি প্রশাসনিক কার্যক্রম।
জমির নামজারি, জমাখারিজ, বাটোয়ারা ও ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবা পেতে ভোগান্তিতে পড়ছেন উপজেলার ১০টি ইউনিয়নের মানুষ। প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে বারবার ভূমি অফিসে এসেও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেককে।
এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি বাড়ছে সাধারণ মানুষের দুর্ভোগ।বিশেষ করে জমি কেনার পর নামজারি সম্পন্ন করতে না পারায় নতুন জমির মালিকদের পড়তে হচ্ছে বিড়ম্বনায়। ওয়ারিশদের মধ্যে জমি বণ্টন, জমির কাগজপত্র হালনাগাদ কিংবা জরুরি প্রয়োজনে ভূমি-সংক্রান্ত সেবা নিতে গিয়েও অনেককে অপেক্ষা করতে হচ্ছে।
দূরবর্তী ইউনিয়ন ও চরাঞ্চল থেকে আসা সেবাপ্রত্যাশীদের একবার অফিসে এসে কাজ সম্পন্ন না হলে আবারও যাতায়াত করতে হচ্ছে। এতে অতিরিক্ত যাতায়াত খরচের পাশাপাশি নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। সময়মতো প্রয়োজনীয় কাগজপত্র ও সেবা না পাওয়ায় ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন কাজেও জটিলতা তৈরি হচ্ছে।
ডিমলা উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৪ সেপ্টেম্বর সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় বদলি হয়ে চলে যান। এরপর থেকে পদটি শূন্য রয়েছে।
বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি অফিসের কার্যক্রম দেখভাল করছেন। তবে উপজেলা প্রশাসনের প্রধান হিসেবে তাকে বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম তদারকি, উন্নয়ন কর্মকাণ্ডের সমন্বয়, প্রশাসনিক সভা, আইনশৃঙ্খলা রক্ষা ও সরকারি নির্দেশনা বাস্তবায়নসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়।
একাধিক দপ্তর ও প্রশাসনিক দায়িত্ব সামলাতে গিয়ে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি অফিসের প্রতিটি কার্যক্রমে নিয়মিত সময় দেওয়া তাঁর জন্য কঠিন হয়ে পড়ছে। ফলে ভূমিসেবা কার্যক্রমে কাঙ্ক্ষিত গতি বজায় রাখা সম্ভব হচ্ছে না।
ভূমিসেবা নিতে এসে ভোগান্তির শিকার আহসান হাবীব নামের এক ব্যক্তি বলেন, ‘দেড় মাস আগে নামজারির জন্য আবেদন করেছিলাম। এখনো কোনো অগ্রগতি হয়নি। অফিসের কেউ নিশ্চিত করে বলতে পারছেন না, কবে নাগাদ নামজারি সম্পন্ন হবে।
প্রয়োজনীয় কাজ শেষ না হওয়ায় বারবার খোঁজ নিতে হচ্ছে।’শুধু সাধারণ সেবাগ্রহীতারাই নন, ভূমি অফিসের কার্যক্রমে ধীরগতির কারণে সমস্যায় পড়েছেন দলিল লেখকরাও। দলিল লেখক সুমন ইসলাম বলেন, ‘প্রতিদিন উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসে প্রচুর জমি কেনাবেচা হয়।
জমি কেনাবেচার পর নামজারি, বাটোয়ারা ও খাজনা পরিশোধসহ বিভিন্ন ভূমি-সংক্রান্ত কাজের প্রয়োজন হয়। কিন্তু এসিল্যান্ড না থাকায় এসব কাজে জটিলতা ও বিলম্ব হচ্ছে। এতে জমির ক্রেতা-বিক্রেতাদের পাশাপাশি আমাদেরও কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে।’
ডিমলা উপজেলা ভূমি অফিসের এক কর্মকর্তা জানান, উপজেলার অধীনে ১০টি ইউনিয়ন ভূমি অফিস রয়েছে। এসব অফিসের কার্যক্রম তদারকি, ভূমি ব্যবস্থাপনা, নামজারিসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে সহকারী কমিশনার (ভূমি)-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দীর্ঘদিন ধরে এ পদে কর্মকর্তা না থাকায় ইউনিয়ন ভূমি অফিসগুলোর বিভিন্ন কার্যক্রমেও ধীরগতি দেখা দিচ্ছে। এতে সেবাগ্রহীতাদের নির্ধারিত সময়ে সেবা দেওয়া কঠিন হয়ে পড়ছে।
গয়াবাড়ি ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা রায়হান কবির বলেন, প্রায় দুই মাস ধরে এসিল্যান্ড না থাকায় নামজারি ও জমাখারিজের কাজ ধীরগতিতে চলছে। এতে সেবাগ্রহীতারা সময়মতো সেবা পাচ্ছেন না। অনেকেই দ্রুত কাজ সম্পন্ন করার প্রত্যাশা নিয়ে অফিসে আসেন। কিন্তু কাজের বিলম্বের কারণ তাঁদের বোঝানোও কঠিন হয়ে পড়েছে।
এ বিষয়ে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান বলেন, ‘উপজেলা প্রশাসনের নিয়মিত দায়িত্বের পাশাপাশি বিভিন্ন দপ্তরের কার্যক্রম তদারকি ও প্রশাসনিক নানা দায়িত্ব পালন করতে হয়। এর মধ্যে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি অফিসের কার্যক্রমও দেখভাল করতে হচ্ছে। সহকারী কমিশনার (ভূমি) পদে দ্রুত কর্মকর্তা পদায়নের জন্য জেলা প্রশাসক মহোদয়কে আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়েছে। নতুন কর্মকর্তা পদায়ন না হওয়া পর্যন্ত ভূমিসেবা সচল রাখতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, ভূমি প্রশাসন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। জমিজমা ও সম্পত্তির মালিকানা-সংক্রান্ত বিভিন্ন কাজে উপজেলা ভূমি অফিসের ওপর নির্ভর করতে হয় মানুষকে।
তাই গুরুত্বপূর্ণ এ পদ দীর্ঘদিন শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তিও বাড়ছে। জনদুর্ভোগ কমাতে এবং ভূমিসেবার স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে দ্রুত সহকারী কমিশনার (ভূমি) পদে একজন কর্মকর্তা পদায়ন করা প্রয়োজন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 





















