কুষ্টিয়া-মেহেরপুর সড়কের দৌলতপুর উপজেলা খলিসাকুন্ডিতে বাস ও কলাভর্তি আলগামনের মুখোমুখি সংঘর্ষে জাহার আলী (৩৫) নামে এক আলগামন চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার খলিসাকুন্ডি পাঁচপীর তলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জাহার আলী মিরপুর উপজেলার সদরপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে। এ দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর দেড়টার দিকে জাহার আলী তার কলাভর্তি আলগামন নিয়ে মেহেরপুরের দিক থেকে আসছিলো।পথে দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি পাঁচপীর তলা নামক স্থানে পৌঁছালে মেহেরপুরগামী একটি দ্রুতগতির লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে আলগামনটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে আলগামনটি চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং ঘটনাস্থলেই চালক জাহার আলীর মৃত্যু হয়। সংঘর্ষে বাসের ও আলগামনের একাধিক যাত্রী আহত হন।
ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। দুর্ঘটনার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে স্থানীয় পুলিশ।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 

















