ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান
হেলাল মজুমদার কুষ্টিয়
কুষ্টিয়ার ভেড়ামারায় দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কুষ্টিয়া অর্থনৈতিক অঞ্চল (Kushtia Economic Zone) দ্রুত বাস্তবায়নের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভেড়ামারা উপজেলা কার্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহারের কাছে এ স্মারকলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপিতে অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, সীমানাপ্রাচীর নির্মাণ, অভ্যন্তরীণ সড়ক ও প্রয়োজনীয় ইউটিলিটি সংযোগ স্থাপনসহ দ্রুত প্রকল্পের কার্যক্রম শুরু এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্লট বরাদ্দ উন্মুক্ত করার দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৫ সালে ভেড়ামারা উপজেলার চরমোকারিমপুর, আরাজিসারা ও চর রূপপুর মৌজায় কুষ্টিয়া অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে প্রকল্পের জন্য নির্ধারিত সরকারি খাসজমি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছে হস্তান্তর করা হয়। প্রায় ৪২০ একর জমিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি হয়নি।
পদ্মা নদীর তীরবর্তী অবস্থান, হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতুর মাধ্যমে সড়ক, রেল ও নৌপথে যোগাযোগ সুবিধা এবং বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের নিকটবর্তী হওয়ায় ভেড়ামারা শিল্পায়নের জন্য অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। অর্থনৈতিক অঞ্চলটি বাস্তবায়িত হলে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পাবনাসহ আশপাশের জেলার বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
স্মারকলিপি গ্রহণকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার বলেন, ইতোমধ্যে অর্থনৈতিক অঞ্চলের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্যোগ ও সহযোগিতার মাধ্যমে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্যসচিব শাজাহান আলী বলেন, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ চৌধুরীর সুযোগ্য সন্তান ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বৃহত্তর কুষ্টিয়ার মানুষের এ দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে দ্রুত বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের মানুষের অর্থনৈতিক মুক্তি ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদী বলেন, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সচেতন মহলের উপস্থিতিতে আমরা স্মারকলিপি প্রদান করেছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে, দীর্ঘদিনের প্রতীক্ষিত অর্থনৈতিক অঞ্চলটি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এস এস আল হুসাইন সোহাগ বলেন, গত ১৭ বছরে মিরপুর-ভেড়ামারা অঞ্চলের মানুষ রাজনৈতিক দ্বন্দ্বের কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য জমি অধিগ্রহণ করা হলেও প্রকল্পের কাজ এখনো সম্পন্ন হয়নি। এটি চালু হলে এ অঞ্চলের বেকারত্ব অনেকাংশে কমবে এবং মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, দীর্ঘদিনের সম্ভাবনাময় এ প্রকল্প দ্রুত বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 


















