নাজমুল সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এসময় মিছিলের প্রস্তুতিতে ব্যবহারের জন্য তৈরি ১৫টি কেরোসিনমিশ্রিত মশাল, একটি ব্যানার, হাতুড়ি, করাত ও জিআই তারসহ লাল-সিলভার রঙের হানিফ লেখা একটি বাস জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রংপুরের মিঠাপুকুর থানার রামনাথেরপাড়া এলাকার মো. রুহুল আমিনের ছেলে মো. রুবেল (৩৫), লালমনিরহাটের আদিতমারী থানার বাদাই উত্তরপাড়া এলাকার মিনার চন্দ্র রায়ের ছেলে সুজন কুমার রায় (২৭), শেরপুরের শ্রীবরদী থানার পোড়াগড় এলাকার মো. শাহীনুর ইসলামের ছেলে মো. আব্দুল হামিদ (১৯), ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানার ভানোর সরকারপাড়া এলাকার হামিদুর রহমানের ছেলে মো. বাপ্পি হোসেন সাঈদ (২০), পটুয়াখালীর বাউফল থানার বগা বালিয়া চাঁদপাল এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. ইউসুফ (২০) এবং সিরাজগঞ্জের কামারখন্দ থানার মুগবালাই এলাকার মো. হানিফ মন্ডলের ছেলে মো. রাকিবুল ইসলাম (২৩)।
তাঁরা সাভারের হেমায়েতপুর, শোভাপুর, জয়নাবাড়ি, যাদুরচর ও ফুলবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।ডিবি সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযানটি পরিচালিত হয়।
ডিবির এসআই মোহাম্মদ আব্দুল মুত্তালীব সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সাভার মডেল থানা পুলিশের সহায়তায় এ অভিযান চালান।
ডিবি পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন ফুলবাড়িয়া এলাকায় ডেলিগেট গার্মেন্টসের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে মশাল মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
অভিযানে ১৫টি বাঁশের লাঠির মাথায় পাটের বস্তার চট জিআই তার দিয়ে বেঁধে তৈরি কেরোসিনমিশ্রিত মশাল উদ্ধার করা হয়। এ ছাড়া একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে একটি হাতুড়ি, একটি করাত ও ৭০০ গ্রাম জিআই তার জব্দ করা হয়েছে। উদ্ধার করা ব্যানারটির দৈর্ঘ্য ১২ ফুট ও প্রস্থ ৩ ফুট। এতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মশাল মিছিল, আবির মাসুম ও সাভার থানা স্বেচ্ছাসেবক লীগের নামসহ বিভিন্ন লেখা ছিল।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নামে মশাল মিছিলসহ যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা প্রতিরোধে ঢাকা জেলা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার এবং মিছিলের সরঞ্জামসহ একটি বাস জব্দ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৭, ৮, ৯, ১০ ও ১২ ধারায় মামলা করা হয়েছে। পরে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 





















