দৌলতপুরে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল–যুবদলের বিক্ষোভ
দৌলতপুর (কুষ্টিয়া)প্রতিনিধিঃ
দৌলতপুরে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নামে মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে ভাগজত বাজারে রামকৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কাস্টম মোড় এলাকা প্রদক্ষিণ করে ভাগজত বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মোঃ মাহাবুল বিশ্বাস স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী মহলের ইন্ধনে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সেনাবাহিনীর কাছে মিথ্যা তথ্য দিচ্ছেন। এতে দলীয় নেতাকর্মীদের সম্মানহানি হচ্ছে বলে তারা দাবি করেন। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মাহাবুল বিশ্বাসের পদত্যাগ দাবি করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা সানজিত হাসান ইমন, ডি কে পারভেজ, এম পি চাপা, সামিউল ইসলাম সাগর, জাহিদ হাসান রনি, মোঃ মহিদুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশে ছাত্রদল নেতা সানজিত হাসান ইমন অভিযোগ করে বলেন, “স্বৈরাচার পতনের পরও আওয়ামী লীগের কিছু দোসর এখনো সক্রিয়। তাদের ইন্ধনে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। আমরা এসব কুচক্রী মহলের গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানাই।”
অভিযোগের বিষয়ে রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহাবুল বিশ্বাস বলেন, “আমার ওয়ার্ডে কাবিখার একটি কাজ চলছিল। সেখানে ব্যবহৃত ভেকুর চাবি কিছু স্থানীয় ছেলে নিয়ে যায়। বিষয়টি সেনাবাহিনীকে জানালে তারা চাবি উদ্ধার করে দেয়। এতেই কিছু ছেলে আমার বিরুদ্ধে মিথ্যা কথা রটাচ্ছে। কে কী বলল—এতে আমার কিছু যায় আসে না।”
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 



















