ঘোড়াঘাটে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি প্রকাশ চন্দ্র মোহন্ত গ্রেপ্তার
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ৩নং সিংড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রকাশ চন্দ্র মোহন্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত (ওসি) মাহমুদ হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার রাণীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার প্রকাশ চন্দ্র মোহন্ত উপজেলার নূরপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গত ১৫ নভেম্বর রাতে পৌরসভার নিতাইশাহ মোড় এলাকায় কারিগরি কলেজের সামনে শহীদ-ফরিদের চালকলের চাতালে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত থাকা বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দুষ্কৃতকারীদের সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন। এ সময় পুলিশ অভিযান চালালে তারা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে তাদের ফেলে যাওয়া ধারালো অস্ত্র, হাসুয়া, লাঠি, মোটা লোহার রডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার সহ দুজনকে আটক করে।
পরে পুলিশ বাদী হয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামী করে ঘোড়াঘাট থানায় একটি মামলা হয়।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করে প্রকাশ চন্দ্র মোহন্তকে বৃহস্পতিবার দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 



















