বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
‘করব সমবায়, গড়ব দেশ – সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাজশাহীর বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তকি ফয়সাল তালুকদার। উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন, বাঘা উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম আবুল কালাম আজাদ। গীতা থেকে পাঠ করেন, বাঘা রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক, উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সাবেক উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য নূরুজ্জামান খান মানিক, উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম ছানা প্রমুখ। এছাড়াও বিভিন্ন সমবায়ী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় কেবল একটি সংগঠন নয়, এটি ঐক্য, সহযোগিতা ও সমৃদ্ধির জীবনদর্শন। সমবায়ের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সমবায়ের বিকল্প নেই।
তারা আরও বলেন, একটি হাতের শক্তি যতটুকু, হাজার হাতে তা বহুগুণে বেড়ে যায়। সমবায়ের ঐক্যবদ্ধ শক্তিই পারে মানুষের অর্থনৈতিক মুক্তি ও সমৃদ্ধির পথ সুগম করতে।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 




















