মো: আব্দুল বাতেন বাচ্চু, বিশেষ প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে বিকাশের ডিস্ট্রিবিউটরের কর্মীদের গুলি ও প্রাইভেটকার আটকিয়ে ৩কোটি টাকা লুটের ঘটনায় জড়িত ইমরান শেখ নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার এক সহযোগীকেও আটক করা হয়।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যার দিকে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিনের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তার ইমরান শেখ (২৪) গাজীপুর জেলা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার গিয়াসনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য শুক্রবার (২০ নভেম্বর) তার সহযোগী রবিন আহম্মেদকে (২২) শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড (চন্না পাড়া আশ্রয়ন প্রকল্প) থেকে গ্রেফতার করে। তার হেফাজত থেকে টাকা লুটের ঘটনায় ব্যবহৃত একটি বিদেশী পিস্তল এবং একটি খালি ম্যাগজিন উদ্ধার করা হয়। রবিন ওই এলাকার মোস্তফার ছেলে।
পুলিশ সুত্র জানায়, ইমরান শেখের বিরেুদ্ধে শ্রীপুর থানায় অস্ত্র, বিস্ফোরক, মাদক, মারামারি এবং ডাকাতির ঘটনায় ৭টি এবং রবিন আহম্মেদের বিরেুদ্ধে বিরেুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকের ৩টি মামলা রয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন ঢাকার ডাক কে বলেন,’ এ ঘটনার পর থেকেই পুলিশের কয়েকটি টিম জড়িতদের ধরতে অভিযানে নামে। এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। সবশেষ গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরের দিকে ডাকাতি ও অস্ত্র মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।’
প্রসঙ্গত, প্রায় দেড় মাস পূর্বে শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকায় প্রাইভেটকার থামিয়ে বিকাশ ম্যানেজার হিমেল আহমেদকে (৩৫) গুলি করে তিন কোটি টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় তারা প্রাইভেটকারে থাকা ম্যানেজারের দুই সহকর্মী ও চালকসহ তিনজনকে মারধর করে আহত করে। তারা বিকাশের মাওনা ও ময়মনসিংহের ভালুকা এরিয়ার চ্যানেল এন্টারপ্রাইজের অধীনে চাকরি করে। গুলিবিদ্ধ হিমেল আহমেদ (৩৫) শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার মোহাম্মদ জসিমের ছেলে। তিনি শ্রীপুর এরিয়ার হিসাব বিভাগের ম্যানেজার (ব্যবস্থাপক) হিসেবে কর্মরত আছেন। আহত অপর দুই সহকর্মী লোন শাখার ক্রেডিট ম্যানেজার (ব্যবস্থাপক) ফাহাদ হোসেন (৩৫) শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার বুলবুল আহমেদ, শ্রীপুর-মাওনা এরিয়ার সুপারভাইজার বেড়াইদেরচালা (এসকিউ সোয়েটার কারখানা সংলগ্ন) এলাকার মোহাম্মদ জামানের ছেলে রিফাত (৩০) এবং প্রাইভেটকার চালক কেওয়া পশ্চিম খন্ড এলাকার মৃত ফালু মিয়ার ছেলে লাল মিয়া (৩২)। তাদেরকে শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পরদিন শনিবার (১০ আক্টোবর) দুপুরে ২টায় ঘটনাস্থল শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকা পরিদর্শনে এসে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন। পুলিশ সুপার ঘটনাস্থলে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপস্থিত থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 























