নাজমুল সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর, লুটপাট ও বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনা নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দফায় দফায় আশুলিয়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। শ্রমিক আন্দোলনের নামে সহিংসতায় জড়িতদের গ্রেফতার এবং শিল্পাঞ্চলে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আলোচনা ও সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে ঢাকার আশুলিয়ার নতুন ডিইপিজেডের সামনে শ্রমিক আন্দোলন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ দিন ধরে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা বিভাগের বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন চলছে। এর মধ্যে নারায়ণগঞ্জ, নরসিংদী, সাভার-আশুলিয়া, মিরপুর ও গাজীপুর এলাকায় আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
পুলিশের দেওয়া তথ্যমতে, এসব ঘটনায় একজন নিহত হয়েছেন। পুলিশের ওসিসহ ২৫ থেকে ৩০ জন এবং সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদাসহ সাভার-আশুলিয়া ও গাজীপুর এলাকায় ২২ জন সাংবাদিকসহ প্রায় দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।
সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন আরও জানায়, সহিংসতা ও বিশৃঙ্খলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
শিল্পাঞ্চলে শ্রমিকদের ন্যায্য দাবি ও শ্রমিক অসন্তোষের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছেন ডিআইজি।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 

















