ঘোড়াঘাটে চিকিৎসকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
শরিয়তপুর সদর হাসপাতালে ৪৮ তম বিসিএস কর্মকর্তা ডা. নাসির ইসলাম সহ দেশব্যাপী চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদ ও স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবীতে দিনাজপুরের ঘোড়াঘাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ইউএইচএফপিও ফোরামের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান মেহেদী হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মুহতারেমা ফাতেমা সানি, ডা. আহসান হাবীব প্রমুখ।
এ সময় বক্তারা নিরাপদ স্বাস্থ্যসেবা পরিবেশ নিশ্চিতকরণ, চিকিৎসকদের আইনগত সুরক্ষা প্রদান এবং চিকিৎসকদের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদানের দাবি জানান।
বক্তারা বলেন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে সাধারণ মানুষও কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে। তাই দ্রুত দোষীদের আইনের আওতায় এনে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 






















