ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু, মোটরসাইকেল চালক আহত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী ও মেয়েটির বাবা সেলিম সরকার (৪৫) আহত হয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঘোড়াঘাট ফিলিং স্টেশনের দক্ষিণে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার গ্রামের সেলিম সরকারের স্ত্রী সম্পা বেগম (৩৫) এবং তাঁদের মেয়ে নুছাইফা আক্তার (৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিম সরকার তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে ঘোড়াঘাটে হামিদপুর চিত্তিপাড়া এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথে ঘোড়াঘাট ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি অজ্ঞাতনামা ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তাঁর স্ত্রী ও মেয়ে ঘটনাস্থলেই নিহত এবং সেলিম সরকার আহত হন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম পুলিশ জানান, খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ঘাতক ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এছাড়া আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 


















