ঘোড়াঘাটে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ৩ যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৩ মে) সকাল ৯ টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে ৩ জন আরোহী লোকাল রোড থেকে মহাসড়কে উঠছিলেন। এমন সময় দিনাজপুর অভিমুখী একটি মালবাহী ট্রাকের সঙ্গে (যাহার নং- ঢাকা মেট্রো-ট ২৪-২৫৫৯) মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি সড়কের ওপর ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর ২ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, উপজেলার নুরপুর এলাকার আব্দুল মোশারফের ছেলে আলামিন (১৫), মগলিশপুর এলাকার সালিমুদ্দিনের ছেলে সৈকত (১৬) এবং কশিগাড়ী আফসারাবাদ কলোনি এলাকার সমেস উদ্দিনের ছেলে কাইয়ুম (২০)।
খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পর্যন্ত ট্রাকের হেলপার একই উপজেলার এসকে বাজার এলাকার সাজিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন শাওন (২৬) কে আমরা আটক করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 











